পাকিস্তানের কোহাটে পুলিশ লাইনসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে ভয়াবহ বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

শুক্রবার দুপুরে পুলিশ লাইনসের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন নামের একটি গোষ্ঠী স্বীকার করেছে।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ জানান, প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে পুলিশ লাইনসের একটি ভবনের গেটে আঘাত করেন। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন। আরও কয়েকজন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

আইজির এক বিবৃতিতে বলা হয়, এক আত্মঘাতী হামলাকারীসহ মোট ছয়জন জঙ্গি নিহত হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়ে। পরে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অ্যাম্বুলেন্সও সেখানে মোতায়েন করা হয়।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হামলার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও ঘটনার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

কোহাটে এর আগেও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। ২০১০ সালে পুলিশ কলোনিতে রিমোট নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়েছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত