দেশকে আরও সবুজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: পিএমও
ছবি: পিএমও

দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ রোপণের অনুরোধ জানিয়েছেন।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,
“ছোট্ট বন্ধুরা, তোমরা প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। সেটা স্কুলে হোক কিংবা বাড়ির আশপাশে। শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছ সম্পর্কে জানারও চেষ্টা করবে। গাছ কত অক্সিজেন উৎপাদন করে, মানুষের কী উপকারে আসে—এসব বিষয়ে ইন্টারনেট ঘেঁটে গবেষণা করবে।”

তিনি বলেন, এতে করে শিশুদের পরিবেশ সম্পর্কে জ্ঞান বাড়বে এবং প্রতি বছর নতুন নতুন গাছ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

গাছের উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে, বিশ্রামের জায়গা তৈরি করবে। একইভাবে বাড়ির আশপাশে গাছ লাগালে পরিবেশ শীতল হবে এবং মানুষ নির্মল বাতাস উপভোগ করতে পারবে।

তিনি আরও বলেন,
“আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেক গাছ রোপণ করেছি। এটি একটি স্মরণীয় দিন। দেশের পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি ও পরিবেশবিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত