ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
হুতিদের ময়ুন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) দখলের পর এ বক্তব্য দিলেন ভ্যান্স। দ্বীপটি বাব আল-মানদেব প্রণালির মধ্যে অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।
কানসাসের উদ্দেশে রওনা হওয়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভ্যান্স। এ সময় পেরিম দ্বীপ হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন কি না এবং ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা জানতে চান সাংবাদিকরা।
জবাবে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে হুতিদের সঙ্গেও সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
ভ্যান্স বলেন, পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নজরদারির মধ্যে রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না, তা নিশ্চিত করবে।
এদিকে ভ্যান্সের এ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাত তীব্র হচ্ছে। একই সময়ে হুতিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত শুক্রবার বাব আল-মানদেব প্রণালির মাঝখানে অবস্থিত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এর ফলে গুরুত্বপূর্ণ এ নৌপথে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। গোষ্ঠীটি বাব আল-মানদেব দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে।
বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী সরু জলপথ। এ পথে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে এবং এটি বৈশ্বিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।
এদিকে মধ্যপ্রাচ্যের অন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতেও সংঘাতের কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে লোহিত সাগরের নৌপথের গুরুত্ব আরও বেড়েছে।
পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ এবং বাব আল-মানদেব ঘিরে হুতিদের অবস্থান শক্তিশালী হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।